রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন




রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ হারালেন সিএনজি চালক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ১১:৩৫ am
file pic

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন মো. মফিজ (৫২) নামে এক সিএনজি চালক। রোববার দিবাগত রাতে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজের সিএনজির ভেতর তিনি অচেতন অবস্থায় ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির কবলে পড়ে ওই সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

মফিজের চালানো সিএনজির মালিক আল আমিন জানান, শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মফিজ তার সিএনজিটি চালাতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামে। বাবার নাম করিম বেপারী।

আল আমিন আরও জানান, সিএনজিতে আমার মোবাইল নম্বর লেখা রয়েছে। রাতে ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার কল দিয়ে জানায়, আমার গাড়ির ড্রাইভার নাকি সিএনজির ভেতরেই অচেতন হয়ে পড়ে আছে। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা মফিজকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে তাকে ফেলে রেখে গেছে বলে আমার ধারণা। চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় তারা হয়তো গাড়িটি নিয়ে যেতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD