রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন




মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ না করার আদেশ বহাল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ১:২৪ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

বিকল্প আবাসনের ব্যবস্থা না করে রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিবাসীদের উচ্ছেদ না করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ হাইকোর্টের আদেশ চলমান রেখে বৃহস্পতিবার এই আদেশ দেন।

সেই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে এসংক্রান্ত রুল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

আদালতে হরিজনদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারাহ হোসেন। এ ছাড়া ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক, আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, মনজ কান্তি ভৌমিক ও উৎপল বিশ্বাস। আর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা।

এর আগে বুধবার (১০ জুলাই) রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ।

বুধবার হরিজন কলোনিতে আবার অভিযান শুরুর উদ্যোগ নিলে সেখানে বসবাসরত হরিজনদের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়।

এর আগে গত ১৩ জুন বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। পাশাপাশি বসবাসের বিকল্প ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করতে নির্দেশ দেন আদালত।

হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে হরিজনদের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, মনজ কান্তি ভৌমিক ও আইনজীবী উৎপল বিশ্বাস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD