আগামী অর্থ বছরে ১২টি প্রকল্পের জন্য বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছ থেকে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ পাবে। এ ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের শর্ত হলো-সবগুলো প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকতে হবে। আশা করা হচ্ছে-এই ঋণ স্বাস্থ্য, শিক্ষা, তারুণ্য, পল্লী ও নগর অবকাঠামো এবং পানিসম্পদ উন্নয়ন খাতে ব্যবহার করা হবে। স্বাস্থ্যখাতের ২ প্রকল্পে ব্যয় হবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার।
এটি বিশ্বব্যাংকের একটি ইন্ডিকেটিভ পরিকল্পনা। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এ ঋণ অনুমোদন নির্ভর করবে সময় মতো প্রকল্পের কাগজপত্র প্রস্তুত করা ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকের) অনুমোদনের ওপর। বিশ্বব্যাংক ২৭ এপ্রিল এই সিপিএফের অনুমোদন দেয়। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদরদপ্তর পরিদর্শনে যাওয়ার আগে অনুমোদনটি আসে। ১২টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত উন্নয়ন কর্মসূচি (এইচপিএনএসডিপি) পাবে ৯০০ মিলিয়ন ডলার। প্রকল্পটির ঋণ অনুমোদনের তারিখ ২০২৪ সালের ২৭ মার্চ। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পঞ্চম এইচপিএনএসডিপি উদ্যোগ। ঢাকার ৫টি নদীর বাস্তুসংস্থান পুনরুদ্ধার প্রকল্পের জন্য বিশ্বব্যাংক ৩০০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। বিশ্বব্যাংক সিপিএফ বাস্তবায়নে কিছু ঝুঁকির উৎস চিহ্নিত করেছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, ২০১৬ সালের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও নীতি ও প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে সিপিএফের আওতাধীন সংস্কার ও বিনিয়োগের প্রস্তুতি ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক ঝুঁকি বাড়ছে। বিশ্বব্যাংক গ্রুপ পলিটিকাল ইকোনোমির ঝুঁকি ও উন্নয়ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী সিপিএফ কর্মসূচি সামঞ্জস্য করার বিষয়টি বিবেচনা করবে। বৈশ্বিক অর্থনীতিতে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপট প্রতিবেদনে ব্যষ্টিক অর্থনীতিগত ঝুঁকিকে উল্লেখযোগ্য বলে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, সারা বিশ্বে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ইতোমধ্যে দেশের রপ্তানি ও আর্থিক ভারসাম্যের উপর চাপ বেড়েছে এবং একইসঙ্গে, আর্থিক খাতের ভঙ্গুরতাও বিদ্যমান।
এটা অস্বীকার করার উপায় নেই যে, দেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে নীতিমালা সংক্রান্ত সমন্বয়ে দুর্বলতা আছে। একইসঙ্গে বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও টেকসই ঝুঁকির পরিমাণও উল্লেখযোগ্য। এছাড়াও সামনে এগিয়ে যেতে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে চমকপ্রদ উন্নতি করেছে। মহামারি করোনা পরবর্তী ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার, সবাইকে বিনামূল্যে করোনার টিকা প্রদান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো চলমান সঙ্কট সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও এই সময়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি, ডলার সঙ্কটে আমদানি-রপ্তানি বাণিজ্যে বেশকিছু চ্যালেঞ্জ যুক্ত হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতির প্রধান সূচকগুলো ইতিবাচক ধারায় রয়েছে বলে মনে করে বিশ্বব্যাংক।
শুধু তাই নয়, ধারাবাহিকভাবে ভালো জিডিপি প্রবৃদ্ধি অর্জন করায় সামাজিক সূচকেও উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সদস্য হওয়ার পর থেকেই বাংলাদেশে সংস্থাটি দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের অবকাঠামোতে সংস্থাটির ঋণ অবদান সবচেয়ে বেশি। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো খাতে বিশ্বব্যাংকের অবদানের বিষয়টি আবার জাতির সামনে নিয়ে আসতে চায় সংস্থাটি। শুধু তাই নয়, ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক। এ কারণে বিশ্বব্যাংক ও ইআরডির যৌথ উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকে বেশ গুরুত্ব দিয়েছে সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাংক বাংলাদেশে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে চায়। পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর সংস্থাটি সম্পর্কে বাংলাদেশে এক ধরনের নেতিবাচক প্রপাগান্ডা রয়েছে। এবার আরও বিনিয়োগ ও সহায়তা দিতে চাচ্ছে সংস্থাটি। বাংলাদেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের অবদান অনস্বীকার্য হলেও পদ্মা সেতু ঘটনার পর সংস্থাটি বেশ চাপে ছিল। এখন আবার সংস্থাটি বাংলাদেশে বিনিয়োগ ও ঋণ সহায়তায় এগিয়ে আসছে। এটি ভালো লক্ষণ।
ইআরডির তথ্যমতে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি এসেছে ১২৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৭৮ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড় হয়েছে। পাইপলাইনে রয়েছে ৪৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংক প্রতিশ্রুত ঋণ-অনুদান সাড়ে ৩৭ বিলিয়ন ডলার। উন্নয়ন সহযোগীদের এসব ঋণ-অনুদান সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। যার পরিমাণ প্রায় ৩৪ হাজার ৯৮ কোটি ৩৬ লাখ টাকা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে এ পর্যন্ত ২৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে সংস্থাটি। এর মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ঋণ ছাড় করেছে ২১ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে নমনীয় শর্তে ঋণ প্রদান করা হয়। আইডিএর অন্যতম বড় ঋণগ্রহীতা বাংলাদেশ। স্বাধীনতার পর উন্নয়ন সহযোগী হিসেবে এত পরিমাণে ঋণ-অনুদান কোনো উন্নয়ন সহযোগী দেয়নি, যা মোট ঋণ-অনুদানের ২৩ শতাংশ। গড়ে এখন বছরে দুই থেকে আড়াই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশকে চলমান ৫৫টি প্রকল্পের জন্য বিশ্বব্যাংক এক হাজার ৫শ’ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।
তাই তো বিশ্বের সামনে বাংলাদেশ সত্যিকার অর্থে অন্যতম এক উন্নয়ন সাফল্যের গল্প বলে অভিহিত করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন। প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরকালে এক টুইট বার্তায় মার্সি টেম্বন বলেন, বাংলাদেশের উন্নয়নের অনেক উদাহরণ আছে, যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে। বিশ্বব্যাংক ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ মন্তব্য করেন মার্সি টেম্বন।
লেখক: আল মাহমুদ সামসুদ্দোহা, সাংবাদিক ও কলামিস্ট।