জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়ের সার্ভারের সিস্টেম আপগ্রেডেশনের কারণে ব্যক্তি পর্যায়ে অনলাইনে আবেদন করা যাচ্ছে না। সমস্যাটি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়।
রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান বুধবার বলেন, “এটা পাবলিকের জন্য রেস্ট্রিক্ট করা হয়েছে। কিন্তু অথরাইজড ইউজার এবং পাসওয়ার্ডধারীরা ব্যবহার করতে পারবে। সিস্টেমের মেরামত কাজ চলছে।”
কবে নাগাদ মেরামত কাজ শেষ হবে, মানুষ আবেদন করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, “এটা আমি বলতে পারব না। আমাদের এখানে সাতশর বেশি আইপি আছে, এর মধ্যে অর্ধেক ঠিক করা হয়েছে। বাকীগুলো চেক করা হয়নি। এটা হলে বলা যাবে।”
এর আগে সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় জানিয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএস সিস্টেমে মেরামত কাজ চলমান থাকায় এবং সিস্টেমে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কিছু পাবলিক লিঙ্ক বন্ধ রাখা হয়েছে। ফলে ব্যক্তি পর্যায়ে আবেদন করা যাবে না। বর্তমানে ব্যক্তি জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আবেদন শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীর ইউজার আইডি থেকে করতে হবে। এর বাইরে কেউ জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিআরআইএস সিস্টেম আপগ্রেডেশন ও এর নিরাপত্তা নিশ্চিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে।
মঙ্গলবার আরেকটি বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে আবেদন প্রক্রিয়া বন্ধ থাকলেও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার বন্ধ হয়নি।
‘কিছু কিছু জায়গা থেকে সার্ভার বন্ধ আছে মর্মে কোথাও কোথাও থেকে অভিযোগ করা হলেও উহা সত্য নয়, ইহা ভিত্তিহীন। কতিপয় বিশেষ মহল এ রকম খবর রটায় মর্মে জানা গেছে। তারা আসলে নিজেরাই কাজ করছে না অথবা কাজ করতে জানে না। সার্ভার বন্ধের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হলো,’ বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।