স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরো বেগবান করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম জাতীয় সমাবেশ’ উপলক্ষে রোববার (১১ ফেব্রুয়ারি) এক বাণীতে এ কথা বলেন তিনি।
মো. সাহাবুদ্দিন ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও জনসম্পৃক্ত বাহিনী। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সকল প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, বেসরকারি বিভিন্ন স্থাপনা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদদ্যরা। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও প্রশংসনীয় ভূমিকা পালন করে থাকেন। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এ বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এ বাহিনী যুব ও নারীদেরকে বিভিন্ন পেশায় বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে এ বাহিনীর কার্যক্রম আরো বেগবান করতে হবে।