জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তীকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের লালবাগ জোনে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে অবন্তীকার আত্মহত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন দ্বীন ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, নিজ এলাকার মানুষ হওয়ায় অবন্তীকা ও তার পরিবারকে যথেষ্ট সহায়তা করেছি। অফিশিয়ালি যে দায়িত্ব পেয়েছিলাম সে দায়িত্ব পালন করেছি।
এদিকে, অবন্তীকার মৃত্যুর জন্য দায়ীদের বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করে। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে, সোমবার ভাইস চ্যান্সেলরের (ভিসি) কার্যালয় ঘেরাও করা হবে।