গত কয়েক দিন ধরে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর সাধারণত বায়ুতে ধুলোবালি বা ক্ষতিকর পদার্থ কম থাকে। এরপরও আজ অস্বাস্থ্যকর ঢাকার বায়ু।
বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার বেলা ১২টা ১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৬৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বের ১০০টি দেশের মধ্যে বায়ু দূষণের এ তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্কানের লাহোর, স্কোর ১৯১। দ্বিতীয় স্থানে রয়েছে কাজাখাস্তানের আস্তানা, স্কোর ১৭৭। ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্বালা, স্কোর ১৬১।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।