প্রধানমন্ত্রী শেখ হাসিনা শবেকদর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।
শনিবার (৬ এপ্রিল) পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান। খবর বাসস।
শেখ হাসিনা বলেন, লাইলাতুল কদর এক অতিশয় সম্মানিত ও মহিমান্বিত পবিত্র রজনী। সিয়াম সাধনার মাসের এ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন নাযিল করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র লাইলাতুল কদরের রজনীতে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের সব প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগের তৌফিক দান করেন।’
পবিত্র এ রজনীতে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও সমগ্র মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।