জনপ্রিয় পেরোডুয়া গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপনে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মালেশিয়ার বিদায়ী হাই কমিশনার হাজনাহ মো. হাশিম বুধবার সৌজন্য সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে শেখ হাসিনা এই আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাতে মালেশিয়ার পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি পিএইচপি মোটরস বাংলাদেশে সংযোজন করছে বলে হাই কমিশনার হাজনাহ মো. হাশিম জানান। এই গাড়ির বিভিন্ন সুবিধার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শুধু সংযোজন না করে গাড়িটি পুরোপুরি বাংলাদেশে উৎপাদন করার কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালেশিয়ার দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে মালেশিয়ার হাই কমিশনার বলেন, “বর্তমান পরিস্থিতি সামলাতে আপনার সক্ষমতার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আপনি পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছেন এবং এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।”
হাজনাহ মো. হাশিমকে উদ্বৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “তার দৃষ্টিতে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আছে।”
মালেশিয়ার হাই কমিশনার বলেন, “মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ আছে। এই বিনিয়োগ মূলত দুইটি টেলিকমিউনিকেশন কোম্পানি রবি এবং ইডটকো বাংলাদেশের।”
কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানে মালেশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আছে উল্লেখ করেন হাজনাহ হাশিম।
মালেশিয়ার স্বাস্থ্য সুবিধার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, তাদের স্বাস্থ্য সেবার মান সিঙ্গাপুরের মতো। তবে খরচ সিঙ্গাপুরের চেয়ে কম। সুতরাং বাংলাদেশিরা মালেশিয়ায় চিকিৎসা সেবা নিতে পারে।
সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।