মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন




মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইসিটি প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ৪:৫২ pm
তথ্য মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় Zunaid Ahmed Palak State Minister for ICT Division Ministry of Post Telecommunications Information তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
file pic

মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে বসে মোবাইল ডেটা চালুর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী জানান, রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টার দিকে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক রোববার বা সোমবারের (২৮-২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নাশকতায় আইসিটি খাতে প্রত্যক্ষ ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি, বরং ডেটা সেন্টার ও ফাইবার ক্যাবল পোড়ানোর কারণে এ দুর্ভোগ।

এদিকে, শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD