শনিবার (৫ই সেপ্টেম্বর) চলতি বছরে বজ্রপাতে মৃত্যু ও হতাহতের পরিসংখ্যান প্রকাশ করবে সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএএফ)। শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা ও গবেষণা সেলের প্রধান আব্দুল আলীম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে সংগঠনের গবেষণা সেলের প্রধান আব্দুল আলীম জানান, দেশের জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের স্ক্রল থেকে বজ্রপাতে হতাহতের এ সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সবচেয়ে বেশি মারা গেছে কৃষি কাজের সঙ্গে জড়িত খেটে খাওয়া মানুষ। এতে চলতি বছরের ৩০শে অক্টোবর পর্যন্ত প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষায় একাধিক মন্ত্রণালয় বড় বড় প্রকল্প হাতে নেয়ার কথা শুনে আসছি। কিন্তু সেগুলোর দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। শুধু সচেতনতার অভাবেই বহু মানুষের প্রাণ হানি ঘটছে। কিন্তু সরকারে পক্ষ থেকে তেমন কোনো কার্যকরী সচেতনতামূলক কার্যক্রম চোখে পড়ছে না।