সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন




করোনাকালে দেশে ফেরত আসে ৪ লাখ ৪২ হাজার প্রবাসী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩ ৮:৩৯ pm
Imran Ahmad is a Bangladesh Awami League Minister of Expatriates' Welfare and Overseas Employment প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রাজনীতিবিদ ইমরান আহমদ
file pic

করোনাকালে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মে পর্যন্ত ৪ লাখ ৪২ হাজার ৯০২ জন প্রবাসী আউট পাস নিয়ে দেশে ফেরত এসেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশফেরত অভিবাসী কর্মীদের আর্থসামাজিক পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ২০২০ সালের ১ জানুয়ারি থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ হাজার ৭০৬ জনকে ৪২৯ কোটি ৫৯ কোটি পুনর্বাসন ঋণ প্রদান করা হয়েছে। এ ছাড়া ৫২ হাজার ৭৪ জনকে বিদেশে যাওয়ার জন্য স্বল্প সুদে ও সহজ শর্তে ১ হাজার ১০৬ কোটি ২৪ লাখ টাকা অভিবাসন ঋণ দেওয়া হয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩০ হাজার ৯৬০ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ২৯ হাজার ৫২৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।

মন্ত্রী প্রধান প্রধান বাণিজ্য ঘাটতির কয়েকটি দেশের নাম জানান সংসদে। তিনি জানান, চীন থেকে আমদানি করা হয় ১৮ হাজার ৫০৯ মিলিয়ন ডলার। রপ্তানি করা হয় ৬৮৩ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি ১৭ হাজার ৮২৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। ভারত থেকে আমদানির ১৩ হাজার ৬৮৯ দশমিক ৩০ মিলিয়ন ডলার বিপরীতে এক হাজার ৯৯১ দশমিক ৩৯ মিলিয়ন ডলার রপ্তানি করা হয়। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি ১১ হাজার ৬৯৭ দশমিক ৯ মিলিয়ন ডলার। এ ছাড়াও অন্য প্রধান বাণিজ্য ঘাটতির দেশগুলো হলো সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল, কাতার, সৌদি আরব, জাপান, থাইল্যান্ড, দ. কোরিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। বাণিজ্য ঘাটতি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

আলু ছাড়া সব নিত্যপণ্য আমদানি করে বাংলাদেশ : সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, নিত্যপণ্যের মধ্যে একমাত্র আলু উৎপাদন করে দেশের মানুষের চাহিদা পূরণ করা যায়। বাকি অন্য নিত্যপণ্যের চাহিদা পূরণে বিদেশ থেকে আমদানি করতে হয় বলে জাতীয় সংসদে জানান মন্ত্রী।

১৮ লাখ ৫৯ হাজার খাদ্য শস্য মজুত : চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত দেশের সরকারি খাদ্য গুদামে ১৮ লাখ ৩৯ হাজার ৫১৩ টন খাদ্যশস্য মজুত আছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এর মধ্যে ৩ লাখ ৬৮ হাজার ২৭৪ টন গম, ১৪ লাখ ৭০ হাজার ৩২১ টন চাল এবং এক হাজার ৩৮১ টন ধান মজুত আছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD