ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা’দী ও মহাসচিব মো. শহীদুল ইসলাম এক বিবৃতিতে সকল দেশপ্রেমিক নাগরিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলিকে (জুমু’আবার) বিকাল ৪টায় ধানমন্ডি (রোড # ৭) ‘বাইতুল আমান’ মসজিদ প্রাঙ্গণ থেকে সংসদ ভবন পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
গাজা ও ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানানো হবে এতে। ফিলিস্তিনি শিশু, নারী ও নিরীহ মানুষের রক্তে রঞ্জিত ভূমির পাশে দাঁড়ানোর জন্য আমরা সমস্ত নাগরিককে এগিয়ে আসতে অনুরোধ করছি।
ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রামে সামনে থেকে ভূমিকা রেখেছে। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আমরা আমাদের কণ্ঠস্বর বিশ্বদরবারে পৌঁছে দেব। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোরও দাবি জানানো হবে এই সমাবেশে।”
ইভেন্টের বিবরণ:
– সময়: আজ (জুমু’আবার), বিকাল ৪:০০টা
– স্থান: ‘বাইতুল আমান’ মসজিদ প্রাঙ্গণ (ধানমন্ডি) থেকে সংসদ ভবন পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল
সমাবেশে বক্তব্য রাখবেন ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।