রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন




পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৬:৪৬ pm
Jahangir Alam Chowdhury Adviser for Home Affairs জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা
file pic

পরিস্থিতিগত কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের পর এই জেলায় জারি করা ১৪৪ ধারা পর্যায়ক্রমে উঠিয়ে নেয়া হবে বলেও জানান তিনি।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান।

গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে ধীরে ধীরে ১৪৪ ধারা উঠিয়ে নেয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটি কথাই বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতকারী ছাড়া না পায়। আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটা তো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময়… আগে যখন আমরাও (রাজনীতি) করেছি তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেয়া হচ্ছে কি না সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কি না।

অপর এব প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ মামলা করবে কি করবে না, একটি কমিটি গঠন করা হয়েছে তারা বলবে। গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না। যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

গোপালগঞ্জের ঘটনায় নয়জন শিশুকেও আটক রাখা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরকম কোনো খবর আমার কাছে নেই। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান কোন গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন হয়েছে। তখন তাকে জানানো হয় দৈনিক সমকাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার ছাত্রলীগের হরতাল নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে, হরতাল হয়েছে কি না সেটা বলেন? দুটি গাড়ি-ই পোড়ানো হয়েছে সত্যি কথা। নাশকতাটা হয়েছে। অন্যান্য হরতাল কল (আহ্বান) করার সময় এই নাশকতাটা আরও বেশি হয়েছে। তার থেকে আমরা (নাশকতার পরিমাণ) অনেকটা কমিয়ে আনতে পেরেছি কি না, সেটি আপনারা দেখবেন।

আইনশৃঙ্খলা বাহিনী আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলে জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে কি না, সেই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনীর যেই প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে। আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং করিয়ে দিচ্ছি। আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে (নির্বাচন) করতে কোনো অসুবিধা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা শুনলাম তারা কীভাবে কাজ করছেন, আগে কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি রয়েছে। তারা ফিডব্যাক দিয়েছেন, তারা দায়িত্ব নেয়ার পর থেকে এখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা বললেন যে অনেক উন্নতি হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD