আসন্ন মে মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। বর্তমান দর অপরিবর্তিত রেখেই মে মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম পড়বে ১৩০ টাকা।
এর আগে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১৮ এপ্রিল দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ওইদিন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
অন্যদিকে প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। নতুন এই দর গত ১৯ এপ্রিল থেকেই কার্যকর হয়।
মে মাসের জন্য জ্বালানির দাম অপরিবর্তিত রাখার বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য লিটারে ১১০ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার মে, ২০১৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ মে, ২০১৬ থেকেও বলবৎ থাকবে।