দেশের আকাশে সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
এর আগে, হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
রোববার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।
সৌদি আরবের পাশাপাশি ওমান আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে ২৮ মে বৃহস্পতিবার।