বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন




প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৫:৪০ pm
tariq Tarique Rahman Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি tarek-rahman tarek-Parla
file pic

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের পর্যায়ক্রমে সম্মানী বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন।

এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিকের অনেক শিক্ষক সংসার চালাতে ক্লাস শেষে দ্বিতীয় কাজ বা কৃষিকাজে যেতে বাধ্য হন, এমন বাস্তবতা তুলে ধরে তাদের সম্মানী বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরের মধ্যে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদের সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, তাদের সম্মানী যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু করতে পারবে।

অনেক শিক্ষকের আর্থিক বাস্তবতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় আমরা এখনও দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করে হয়ত আরেকটি সেকেন্ড জবে অথবা কৃষি কাজে যেতে হয়। তা না হলে তার সংসার চলে না।

মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রেও এমন ঘটনা দেখা যায় মন্তব্য করে তিনি বলেন, শিক্ষকরা যেন দ্বিতীয় কাজ করতে বাধ্য না হন এবং তাদের সময় ও মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেজন্য তাদের সম্মানী বাড়ানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ এবং সম্মানী বৃদ্ধির কাজ সরকার পর্যায়ক্রমে করবে।

শিক্ষাখাতের আগের পরিস্থিতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময়ে শুধু ভবন হয়েছে, কিন্তু মানবসম্পদের উন্নয়ন হয়নি। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার মান বাড়াতে হলে শিক্ষক প্রশিক্ষণকে গুরুত্ব দিতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিক অবস্থার উন্নয়নও জরুরি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD