মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন




আইএমএফের পূর্বাভাস

মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:৫৩ pm
imf আইএমএফ International Monetary Fund আন্তর্জাতিক মুদ্রা তহবিল imf
file pic

চলতি বছর মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে দুই হাজার ৮৮৬ ডলারে। ভারতের মাথপিছু জিডিপি হতে পারে দুই হাজার ৭৪৯ ডলার। তবে অর্থনীতির আকার, প্রবৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতার হিসাবে ভারত এগিয়ে রয়েছে। গত রোববার প্রকাশিত আলজাজিরার এক বিশ্লেষণে এ চিত্র তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাত বছর মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে ছিল। ২০২৫ সালে ভারত আবার বাংলাদেশকে ছাড়িয়ে যায়।
আলজাজিরার বিশ্লেষণে বলা হয়, গত দুই দশকে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সাফল্যের উদাহরণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশের অর্থনীতি বর্তমানে পাকিস্তানের চেয়েও বড়। তৈরি পোশাক রপ্তানি, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চলতি মাসে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের দেওয়া পূর্বাভাসের বরাত দিয়ে আলজাজিরা আরও জানায়, চলতি বছর বাংলাদেশের মোট জিডিপি হতে পারে ৫০৬ দশমিক চার বিলিয়ন ডলার। ভারতের জিডিপি হতে পারে চার লাখ ১৫ হাজার কোটি ডলার, যা বাংলাদেশের তুলনায় প্রায় আট গুণ। চলতি বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। বাংলাদেশে তা হতে পারে ৩ দশমিক ৬ শতাংশ।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ সামান্য এগিয়ে থাকতে পারে। তবে ২০২৯ সালে ভারতের মাথাপিছু জিডিপি তিন হাজার ৬৬১ ডলারে পৌঁছাতে পারে, যেখানে বাংলাদেশের হতে পারে তিন হাজার ৩৩৪ ডলার। আইএমএফের প্রতিবেদন অনুসারে, পিপিপি বা ক্রয়ক্ষমতার সমতা বিবেচনায় ২০২৬ সালে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ১২ হাজার ৯৯৮ ডলার। বাংলাদেশে তা ১০ হাজার ৮৮৪ ডলার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD