সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন




জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, মন্ত্রী বললেন, আর হবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৪:০৮ pm
JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট বাজেট পাস
file pic

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে কেন হাতকড়া ছাড়া আদালতে হাজির করা হচ্ছে— এ প্রশ্ন তুলে সংসদে ক্ষোভ জানিয়েছেন বিএনপির সংসদ‌ সদস‌্য তাহসিনা রুশদীর লুনা। তিনি রোববার সংসদের বৈঠকে পয়েন্ট অফ অর্ডারে বলেন, ‘জিয়াউল আদালত প্রাঙ্গণে যে অঙ্গভঙ্গি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তাতে মনে হচ্ছে তিনি আনন্দভ্রমণে বের হয়েছেন। পুলিশ তাঁকে প্রটোকল দিচ্ছে।’

তাঁর এ বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘জিয়াউল আহসান এই সুযোগ আর পাবেন না।’ এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

জুলাই গণঅভ‌্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে গুম খুনের অভিযোগে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার চলছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাঁকে হাজির করা হয়। গাড়ি থেকে আদালতে যাওয়ার পথে তিনি রোদচশমা চোখে দিয়ে কেতাদুরস্ত পুলিশ বেষ্টিত হয়ে হাঁটেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জয় আমাদের হবেই।’ এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে এলে ক্ষোভ জানান গুম খুনের শিকার ব‌্যক্তিদের পরিবারের সদস‌্য এবং জুলাই অভ‌্যুত্থানে অংশ নেওয়া অনেকে। রাজনৈতিক খবর পড়ুন

গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী সংসদে বলেন, ‘এই রকম একজন অপরাধীকে হাতকড়া, ডান্ডাবেড়ি না পরিয়ে যেভাবে নেওয়া হয়, তাতে আমরা মর্মাহত হই। বহু পরিবার যারা এই বিষয়ে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাঁকে কী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তাঁর প্রতি কী মানবিকতা দেখাচ্ছে?’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তাহসিনা রুশদীর বক্তব‌্য পয়েন্ট অফ অর্ডারের পর্যায়ে পড়ে না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় আইনমন্ত্রী উত্তর দিতে পারেন।’

এই পর্যায়ে আসাদুজ্জামান বলেন, ‘একজন কু‌খ‌্যাত অপরাধীকে যেভাবে আদালতে নিয়ে যাওয়া হয়, ভবিষ‌্যতে তাই হবে। এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না আদালত অঙ্গনে, আশ্বস্ত করতে চাই। ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি।’

আইনমন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনালে যাদের হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যত রকম সাক্ষ্য প্রমাণ আছে, তা আদালতে উপস্থাপন করা হচ্ছে। যে সাক্ষ্য প্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে গেলে আসামির সাজা হবে।’

আসাদুজ্জামান বলেন, ‘গত ১৬-১৭ বছরে যত গুম খুন হয়েছে, যত গায়েবি মামলা হয়েছে, জুলাই গণঅভ‌্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে, প্রত্যেকটি ঘটনার আমরান্যায় বিচারের পথ ধরে এগিয়ে যাব। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলায় যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তা তদন্তে ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে টিম যাবে। কোন কোন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, রাজনৈতিক কর্মীর সহযোগিতা-প্রশ্রয়ে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তা তদন্ত করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD