রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিবি প্রধান। শনিবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পুরো ঢাকা শহরে আমাদের প্রচুর পরিমাণ পুলিশ কাজ করছে। এবং ঢাকা শহরের প্রতিটি এলাকায় আমাদের পুলিশ ঘোরাঘুরি করছে। কোথাও কোনো ঝামেলা নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাচল করছে।
হারুন অর রশীদ বলেন, আমরা মনে করি তাদের মিটিং, মিছিল নিয়ে মাঠে যাওয়ার কথা সেখানেই তারা ভালোভাবেই পৌছেছে। কোথাও কোনো যানজটও নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে প্রায় ২০ হাজারের মতো পুলিশ এই ঢাকা শহরের প্রতিটি এলাকায় কাজ করছে। আমরা মনে করি প্রোগ্রামটি সুন্দরভাবে সমাপ্ত হবে।
নয়াপল্টনের রাস্তা বন্ধের বিষয়ে ডিবি প্রধান বলেন, আমরা গোলাপবাগ মাঠেই তাদের নিরাপত্তা জোরদার করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করছে। আমরা গোলাপবাগ মাঠে তাদের অনুমতি দিয়েছি। সেখানে পর্যাপ্ত পুলিশ অবস্থান করছে।
তিনি আরও বলেন, এটাতো কোনো অবৈধ সমাবেশ না। এবং আমাদের কাজটাই হচ্ছে সেখানে সমাবেশ করার জন্য যা যা নিরাপত্তা দেয়া দরকার, শান্তিপূর্ণ করার জন্য যা যা নিরাপত্তা দেয়া দরকার সেটাই আমরা করছি। আমাদের ২০ হাজারের মতো পুলিশ কাজ করছে শুধু এই সমাবেশটা হওয়ার জন্য।
ঢাকা শহরের কোথাও কিন্তু কোনো যানজট নেই এবং কোনো বিশৃঙ্খলা নেই। সুন্দরভাবে কিন্তু মানুষ চলাচল করছে। আশা করি কোনো ধরনের অঘটন ঘটবে না। সমাবেশ করা তাদের মৌলিক অধিকার আর আমরা সিকিউরিটি দিচ্ছি এটা আমাদের কাজ। আমরা মনে করি শান্তি পূর্ণভাবে সমাবেশটি শেষ হবে। এবং সমাবেশ করার জন্য যে শর্ত দেয়া হয়েছে আমরা মনে করি সেটিও তারা সুন্দরভাবে পালন করবে।