ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দাবির বিষয়ে পরিষ্কার হতে পারেননি বুয়েট শিক্ষার্থীরা।
বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে তথ্যপ্রমাণ ও সিসিটিভি ফুটেজ দেখার পর সাংবাদিকদের এ কথা জানান। ডিবিপ্রধান হারুন অর রশীদের উপস্থিতিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদলকে তথ্যপ্রমাণ দেখান গোয়েন্দা কর্মকর্তারা।
পরে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ডিবি যেসব আলামত উপস্থাপন করেছে সেগুলো আত্মহত্যা প্রমাণে যথেষ্ট নয়।
এক শিক্ষার্থী বলেন, ‘ফারদিন মৃত্যুর ঘটনায় ডিবি আমাদের কিছু আলামত দেখিয়েছে। আমাদের সেগুলো প্রাসঙ্গিক মনে হয়েছে। তবে কিছু কিছু জায়গায় কিছু গ্যাপ রয়েছে। ডিবির পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে এই গ্যাপগুলো নিয়ে তারা আরও কাজ করবেন।
‘তারা বলেছেন এ ঘটনায় শতভাগ তথ্যপ্রমাণ সরবারহ করা সম্ভব নয়, তবে সামনে আরও কাজ করবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, ‘একটা অন্যতম গ্যাপ হলো সুলতানা কামাল ব্রিজ পার হয়ে ফারদিন লেগুনা থেকে নেমেছিল, সে সময়ের কোনো ফুটেজ তারা (ডিবি) দেখাতে পারেনি। সে সময় ফারদিন একা ছিল নাকি সঙ্গে কেউ ছিল তা আমাদের দেখানো হয়নি।
‘একইভাবে ফারদিন যে হেঁটে ব্রিজে এসেছে সেটাও দেখা যায়নি। লেগুনা চালক ডিবির কাছে বলেছে ফারদিনের সঙ্গে আরও একজন লেগুনা থেকে নেমেছিল, আমরা ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাইনি।’
শিক্ষার্থীদের প্রতিনিধিদল জানায়, ডিবির পক্ষ থেকে যেসব আলামত দেখানো হয়েছে সেগুলো প্রাসঙ্গিক এবং তাদের তদন্তের ধরন ও আন্তরিকতায় তারা সন্তুষ্ট।
এক শিক্সার্থী বলেন, ‘ডিবি কিছু সম্পূরক তথ্যপ্রমাণ দেখিয়েছে যাতে ফারদিনের মৃত্যু আত্মহত্যা মনে হতে পারে, কিন্তু এসব তথ্যপ্রমাণে মোটিভ পরিষ্কার হয় না যে ফারদিন আত্মহত্যাই করেছে। মোটিভ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে আত্মহত্যা বলতে পারব না।’
সহপাঠীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানায় শিক্ষার্থীদের প্রতিনিধিদল।
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে বুধবার সাংবাদিকদের জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান হারুন অর রশীদ।
মিন্টো রোডে নিজ কার্যালয়ে তিনি বলেন, ‘সবকিছু জিজ্ঞাসাবাদ, ডাক্তার সাহেব যে কথাটা বলেছেন, ভিকটিমের কাপড়ে কোথাও ছেঁড়ার কোনো লক্ষণ আমরা পাইনি। তাকে যে মারপিট করা হয়েছে এমন কোনো চিহ্ন ছিল না। ধস্তাধস্তি বা আঘাতের চিহ্নও নেই।’
ঢাকার ডেমরার সুলতানা কামাল সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ফারদিন লাফ দিয়ে আত্মহত্যা করেন বলেও জানান হারুন অর রশীদ।
একই দিন র্যাবের পক্ষ থেকেও জানানো হয়, সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ।
ফারদিন ৪ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বর্তমানে হত্যা মামলাটির তদন্ত করছে ডিবি। পাশাপাশি র্যাবসহ আরও কয়েকটি সংস্থা ছায়াতদন্ত করছে।
পুলিশি তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন বিকেল থেকে রাত ১০টা নাগাদ বুশরাকে নিয়ে রাজধানীর কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করেন ফারদিন। এরপর রামপুরায় বুশরা যে মেসে থাকেন তার কাছাকাছি তাকে পৌঁছে দেন। এরপর আর ফারদিন বুয়েট ক্যাম্পাস বা নিজের বাসায় ফেরেননি।
ফারদিনের মরদেহ উদ্ধারের তিন দিনের মাথায় ১০ নভেম্বর আমাতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও পরিকল্পিতভাবে লাশ গোপন করার অভিযোগ এনে রামপুরা থানায় মামলা করেন তার বাবা কাজী নুরউদ্দিন রানা।
ওই দিনই বুশরাকে গ্রেপ্তার করে রামপুরা থানার পুলিশ। তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। বুশরা এখন কারাগারে আছেন।