বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন




খালেদা রাজনীতি করতে পারবেন, নির্বাচন করতে পারবেন না: কৃষিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:০৫ pm
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia খালেদা জিয়া
file pic

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। তিনি জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন, বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে বর্তমান নির্বাচনী আইনে যা আছে, তাই মানতে হবে। এখানে সরকার বা নির্বাচন কমিশনসহ কারো কিছু করার নেই।

বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে; এর কোনো ব্যত্যয় হবে না। সংবিধানের বাইরে কারো কিছু করার নেই। নির্বাচন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, তারপর নির্বাচনে জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাবে।

জাপানে আম রপ্তানির কাজ প্রায় চূড়ান্ত ও শিগগিরই রপ্তানি শুরু হবে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, বাংলাদেশের আম নিতে জাপানের আগ্রহ রয়েছে। রপ্তানির ক্ষেত্রে জাপানের পূর্বশর্ত পূরণে কাজ চলছে। দুইদেশ একসাথে কাজ করছে।

শিগগিরই জাপানে আম রপ্তানি শুরু হবে। একইসঙ্গে অন্যান্য ফলমূল ও শাকসবজি রপ্তানির সুযোগ তৈরি হবে। জাপান কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন ও কৃষিখাতে সহযোগিতা আরো বাড়াবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি বলেন, কৃষিখাতে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরো বাড়াতে চাই। সেজন্য, সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাচ্ছি যাতে করে সহযোগিতার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে সম্পর্ককে আরো শক্তিশালী করা যায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD