মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন




সংসদে জিএম কাদেরের সমালোচনায় মোস্তাফিজুর রহমান ফিজার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জুন, ২০২৩ ১১:৫২ am
JS JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট জাতীয় সংসদ বাজেট পাস
file pic

সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার। সরকারের সমালোচনা করে জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, সরকারের সমালোচনা বিএনপি করতে পারে, কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন?

রোববার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এ প্রশ্ন করেন।

তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন দেশ নাকি নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে। আমির খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জিএম কাদের সাহেব বললেন দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। টের পাচ্ছে না কেউ। নীরবেই হয়ে গেছে। সশব্দে হওয়ার কথা। কিন্তু নীরবেই হয়ে গেছি। অর্থাৎ আমাদের অগ্রগতি নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে ছবক দিচ্ছে।

দেশের সর্বত্র উন্নয়নের ছোয়া লেগেছে দাবি করে সাবেক মন্ত্রী ফিজার বলেন, যারা দেখতে পায় না, তাদের চোখ অপারেশন করা দরকার। এত মানুষের অপারেশনের ব্যবস্থা তো সরকার করতে পারবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি এদের চক্ষু ও অন্তর খুলে দেন। এরা যেন দেখে ভালো করে। আর যেন শেখ হাসিনার জন্য দোয়া করে।

আমেরিকার ভিসা নীতির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, আমরা যারা বন্দুক হাতে সরাসরি মুক্তিযুদ্ধে নেমেছিলাম, দেশটাকে স্বাধীন করেছি, ৩ লাখ মা-বোনের ইজ্জত ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছি। তখন কিন্তু আমেরিকা তার বিরোধিতা করেছে, তা না হলে অনেক আগেই দেশ স্বাধীন হতো, এত রক্তক্ষয় হতো না। তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। তাদের দেশের জনগণ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিলেও আমেরিকা সরকার কিন্তু স্বীকৃতি দেয়নি।

আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, আমরা এখানে যারা আছি সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে, আসলেই আমরা মূলধারার সঠিক রাজনীতি চাই কিনা। নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।

তিনি বলেন, আমরা জানি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে। এ রকম অনেক কিছু বলেন। সেটা আমরা বুঝি। কিন্তু জিএম কাদের সাহেব যে বললেন, সেটি আমরা বুঝি না। কারণ হচ্ছে তার দল শেখ হাসিনার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিয়ে, এ ধরনের অসত্য ভাষণ দেবেন। সেটা তো আমরা বুঝি না। কারণ আল্লাহ পাক কোরআন শরিফে বলেছেন, যত মোনাফেক আছে সবগুলো মিথ্যাবাদী। আমি উনাকে মিথ্যাবাদী বলতে চাই না। তিনি হয়তো ভুল করেছেন, কারও কাছ থেকে ভুল শিক্ষা পেয়েছেন, কারও কাছ থেকে শুনেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনায় আরো অংশ নেন আওয়ামী লীগের আ কা ম সরোয়ার জাহান, আব্দুস সোবহান গোলাপ, এবি তাজুল ইসলাম, বেনজির আহমেদ, নার্গিস সুলতানা, সুলতানা নাদিরা, ডা. সামির উদ্দিন আহমেদ শিমুল ও তামান্না নুসরাত এবং ওয়ার্কার্স পার্টির লুৎফুন্নেসা খান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD