মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন




সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৪:৩৭ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি করলে কাউকে বাধা দেওয়া হবে না। তবে, রাজনীতির নামে সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না। ভোট পায়নি বলে দেশের মানুষকে নির্বাচনের আগে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। এদের হাত থেকে দেশবাসী রক্ষা পাক, সেটাই আমরা চাই। আমরা তাদের রাজনীতিতে বাধা দিচ্ছি না। তবে, রেল ও মানুষের কোনো ক্ষতি করলে আমরা ব্যবস্থা নেব। সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা থাকবে। একেবারে ছেঁকে ছেঁকে ধরে তাদের শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন করতে পারছি। কারণ, জনগণ নৌকায় ভোট দিয়ে সুযোগ দিয়েছিল। জনগণকে বলব, বিএনপি-জামায়াতের হাত থেকে নিজেদের রক্ষা করুন। এরা সৃষ্টি করতে না পারলেও ধ্বংস করতে পারে। এরা মানুষকে কিছু দিতে পারে না, কিন্তু লুটপাট করতে পারে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংকের পরামর্শে লোকসানের কারণে রেললাইন বন্ধ করতে চেয়েছে।

রেলের কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায়ও দিয়েছিল কিন্তু তাদের পাওনা বুঝিয়ে দেয়নি। ঠিক সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা ক্ষমতায় এসে রেল কীভাবে উন্নত করা যায়, সে পদক্ষেপ নেই। পরে আবার দ্বিতীয়বার ২০০৯ সালে এসে আলাদা মন্ত্রণালয় করে দিই। আমি দেখলাম আলাদা মন্ত্রণালয় না করলে রেল উন্নত করতে পারব না। আওয়ামী লীগ ২০১৪-এর নির্বাচনে সরকার গঠন করার পর রেলের ব্যাপক উন্নয়নে হাত দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলপথের সুদিন ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন করে বিএনপি ক্ষমতায় ফিরে সেগুলো নষ্ট করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যে যত পরামর্শ দিক, দেশটা আমাদের। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে। সেই চিন্তা থেকে আমি দেশ চালাই। কবে কে কী পরামর্শ দিয়েছে সেটা নয়, মানুষের উন্নতি ও সমৃদ্ধির কথা চিন্তা করে আমরা পদক্ষেপ নিই। আমার দেশ, আমার চিন্তা। আমার দেশের মানুষের কীসে মঙ্গল সেটা আমরাই ভালো বুঝি।.

সর্বত্র ক্যামেরা থাকবে

২০১৩-২০১৫ সময়কালে বিএনপি-জামায়াত চক্র সহিংসতা চালিয়েছিল উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা তাদের রাজনীতি করতে বাধা দেবো না এবং দিচ্ছিও না। কিন্তু তারা আবার রেলে আগুন দিলে বা জনগণের কোনও ক্ষতি করলে রেহাই পাবে না।

তিনি বলেন, সর্বত্র ক্যামেরা থাকবে এবং কোনও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বিএনপি-জামায়াতের হাত থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আমরা তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কারাগারে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যার পাশাপাশি সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার ও সাধারণ মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিলেন। জিয়ার স্ত্রী (বেগম খালেদা জিয়া) যখন ক্ষমতায় আসেন, তিনিও মানুষ হত্যা ছাড়া কিছুই বোঝেননি। আওয়ামী লীগের ২১ হাজারেরও বেশি নেতাকর্মীকে তারা (বিএনপি) হত্যা করেছিল। তার (খালেদা জিয়া) শাসনামলে বিপুল সংখ্যক মানুষের ওপর ব্যাপক দমন-পীড়ন ও নির্যাতন চালানো হয়েছিল। এই সন্ত্রাসী দলের (বিএনপি) একমাত্র কাজ ধ্বংস করা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি ২০১৩-২০১৫ সাল পর্যন্ত যাত্রীসহ বাস, ট্রাকচালক ও হেলপারসহ ৩ হাজার ৮২৪টির বেশি গাড়ি পোড়ায়। ২০১৪ সালের সাধারণ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত তাদের অগ্নিসংযোগের সময় ২৯টি স্থানে রেলওয়েতে আগুন দিয়েছে। বিএনপি-জামায়াত শাসনামলে অনেক ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের জন্য ট্রেনযাত্রা আরামদায়ক এবং ব্যয়-সাশ্রয়ী বিবেচনায় এই খাতের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে।

নবনির্মিত ৭২ কিমি. ডুয়েল-গেজ ডাবল ট্র্যাকের সঙ্গে পুরো ৩২১ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম করিডোরটি একটি ডাবল লাইনে পরিণত হয়েছে। এর পরিচালন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এতে ভ্রমণের সময় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সাশ্রয় হবে।

সরকার রেল খাতে বরাদ্দ বাড়াতে একটি পৃথক মন্ত্রণালয় গঠন করেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, গত সাড়ে ১৪ বছরে আমরা ৭৪০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করেছি, ২৮০ কিলোমিটার মিটার-গেজ রেলপথকে ডুয়েল-গেজে রূপান্তরিত করেছি এবং ১ হাজার ৩০৮ কিলোমিটার রেললাইন পুনঃস্থাপন বা পুনর্নির্মাণ করেছি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ১২৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ, ২২৩টি স্টেশন ভবন পুনর্নির্মাণ, ৭৩২টি নতুন রেলসেতু নির্মাণ এবং ৭৭৪টি রেলসেতু পুনর্নির্মাণ করেছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার ২০০৯ সাল থেকে ১১১টি লোকোমোটিভ, ৫৮৮টি যাত্রীবাহী গাড়ি ও ৫১৬টি ওয়াগন (পণ্য বহনের জন্য) সংগ্রহ করেছে। বিভিন্ন রুটে ১৪৩টি নতুন ট্রেন চালু করেছে। সরকার আঞ্চলিক ও স্থানীয় রেল যোগাযোগ ও নেটওয়ার্ক বাড়াতে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নতুন আরও ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ, নতুন আরও ৪৬০টি ব্রডগেজ যাত্রীবাহী কামরা, ১৫০টি নতুন মিটারগেজ যাত্রীবাহী বগি, নতুন ১২৫টি আধুনিক লাগেজ ভ্যান ও ১ হাজার ৩১০টি নতুন ওয়াগন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছি। সূত্র: বাসস




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD