অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। মঙ্গলবার বিচারপতি এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানি শেষে আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। এ ছাড়া দুজনের আপিল হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করে সাইবার ট্রাইব্যুনালের দেয়া জরিমানা স্থগিত করে দেন। ফলে আপাতত তাদের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আদিলুরের আইনজীবী রুহুল আমীন ভূঁইয়া।
আদালতে আদিলুর ও নাসিরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুহুল আমিন ভূঁইয়া ও মো. আহসানুজ্জামান ফাহিম। অফরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।
এদিন শুরুতে আদিলুর-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম আদালতকে বলেন, আমাদেরও বক্তব্য আছে। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন, তাদের আইনজীবীদের আগে বলতে দিন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী দুই দফায় দাঁড়িয়ে জামিনের বিরোধিতা করেন।
এক পর্যায়ে আদালত বলেন, আপনি আগেই লাফ দিয়ে উঠছেন কেন?…দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। পরে আদিলুর ও নাসিরের আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় (আপিলকারীদের) দুই বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত বলেন, ‘কী জন্য দিয়েছে? জামিনের আবেদন দিয়েছেন? তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘৫৭ (২) ধারায় সাজা দিয়েছে। জামিনের আবেদনও রয়েছে।
এরপর শুনানিতে অংশ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়া, অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন, তাহলে তাদের (আদিলুর ও নাসির) কম সাজা দিলেন কেন? তাহলে তো যাবজ্জীবন সাজা দেয়া উচিত ছিল। দুই বছর দিলেন কেন? পরে আদালত আদিলুর ও নাসিরের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তাদের জরিমানা স্থগিত ও জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদিলুরের আইনজীবী রুহুল আমীন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, গত ১৪ই সেপ্টেম্বর বিচারিক আদালত কারাদণ্ড দিয়ে জেলকোড অনুযায়ী ডিভিশন প্রদানের নির্দেশ দেন। কিন্তু জেলার আজ পর্যন্ত তাকে কোনো ডিভিশন দেননি। আমরা জেলারকে ডিভিশন প্রদানের বিষয়ে আদালতের আদেশ দেখাই। কিন্তু আদালত ডিভিশন প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চেয়ে চিঠি দেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো পরামর্শ না দেয়ায় আদিলুরকে ডিভিশন দেননি। আদিলুর অসুস্থ। তার খুব কষ্ট হচ্ছে।
এর আগে গত ১৪ই সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। এটা তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলা।
‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করায় বিচারপতি এমদাদুল হক আজাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে সুপারিশ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ওই বিচারপতি শপথ ভঙ্গ করেছেন। বিচারপতির এ ধরনের মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক। গতকাল অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এএম আমিন উদ্দিন ওই বিচারকের প্রতি প্রশ্ন রেখে বলেন, অনেক চক্রান্ত রয়েছে বিচার বিভাগ নিয়ে। তিনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন।