ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, বাকি দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি থেকে তারা সরে যাবেন না।
শনিবার যন্তর মন্তরে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অভিজিৎ দিপকে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করেছে যে, ভয় না পেয়ে আন্দোলন করলে ফল পাওয়া যায়। তবে তাদের আন্দোলন এখানেই শেষ নয়।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি গত ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
দিপকে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি গণতন্ত্র। একজন মন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়েছে। সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।
তিনি আরও বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু যেসব শিক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করেছে, তাদের প্রতিটি পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ২০ জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যেসব পুলিশ সদস্য বলপ্রয়োগ করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
এর আগে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং পরীক্ষায় অনিয়মের বিতর্ককে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন। দেশের তরুণদের স্বপ্ন পূরণকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে দেখেন এবং প্রধানমন্ত্রীকে দেশের সেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা আসে। তিনি জানিয়েছেন, জবাবদিহিতার অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া