আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (১৮ অক্টোবর) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।
কর্মসূচী ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, এটি আমাদের আংশিক কর্মসূচি। এটি যুগপৎভাবে হবে। ২৮ অক্টোবরের সেই মহাসমাবেশ থেকে আমাদের যাত্রা শুরু হবে। তারপর এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না। অনেক বাধা আসবে, বিপত্তি হবে, সকল কিছুকে অতিক্রম করে জনগণের অধিকার আদায় করে দিতে হবে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ আর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত করা হবে।