বাংলাদেশের ব্যাংকিং খাত এখন উল্টো পথে হাঁটছে। এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে জমা থাকা আইনের সংস্কার না করা। পাশাপাশি যে সংস্কারগুলো আমরা করেছি, সেগুলো ব্যাংকিং ব্যবস্থাপনাকে পেছনের দিকে নিয়ে গেছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিআইডিএসের উন্নয়নবিষয়ক বার্ষিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।
সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও বাংলাদেশের নীতিনির্ধারণ শীর্ষক প্রবন্ধে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি, বিশেষ করে মুদ্রানীতিসহ বিনিময় হার। যার ফলে আজকে আমরা এই অবস্থা দেখছি। আবার যখন দেখলাম কিছু জায়গায় সংস্কার করা হলো তখন তা উল্টো দিকে গেল।
সালেহউদ্দিন আহমেদ উদাহরণ দিয়ে বলেন, যেমন ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের দুজনের বদলে চারজনকে যুক্ত করা হলো এবং তাঁদের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হলো।
এগুলো পুরোপুরি উল্টো পথে নিয়ে যাচ্ছে ব্যাংককে। আমরা আইন প্রণয়ন করতে গিয়ে আরো পিছিয়ে গেলাম।
সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার করতে গেলে সদিচ্ছার পাশাপাশি নীতিনির্ধারণী জ্ঞান ও ধারণা থাকতে হবে। শুধু তথ্য-উপাত্ত দেখে নীতিমালা করলে হবে না। এর সঙ্গে পরিমিতিবোধও থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক সঠিক সময়ে সঠিক মুদ্রানীতি ও বিনিময় হার নির্ধারণ করতে পারেনি। যার ফলে এখন ডলারের দাম প্রতিনিয়তই বাড়ছে।
এ ছাড়া সার্বিক অর্থনীতিতে চ্যালেঞ্জ, অনিশ্চয়তা ও শঙ্কা আছে। আর শঙ্কার অন্যতম কারণ হলো রপ্তানি কমলে অর্থনীতি আরো হুমকির মুখে পড়ে।