চলতি বছরই ১৪ ডিসেম্বরকে ‘জাতীয় দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, এ কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরবর্তী ক্যাবিনেট বৈঠকে উদ্যোগটি নেয়া হবে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির বিষয়ে মোজাম্মেল হক বলেন, গতকালও এ বিষয়ে আমাদের মিটিং হয়েছে। আশা করছি, ২৬ মার্চের আগে তা সম্পন্ন হবে। আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
যুদ্ধাপরাধীদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের একটা সংখ্যা আছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিচারও হচ্ছে। তবে যারা রাজাকার ও আলবদর ছিল তাদের সংখ্যা অনেক। তাদের সবার বিচার হয়নি। এসব যুদ্ধাপরাধীদের তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তবে তালিকা তৈরির কাজ এখনো সম্পন্ন হয়নি।
রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগ ও অন্যান্য দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের রাজেকুজ্জামান রতন, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।