ফের হাইকোর্টে ধরা পড়েছে জামিন জালিয়াতির ঘটনা। বুধবার (৪ নভেম্বর) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চে একই মামলায় একাধিক জামিন আবেদন ধরা পড়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য মামলা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
এই তিন আইনজীবী হলেন- আন্না খানম, এস এম আব্দুল বাতেন, মো. রহিমউদ্দিন। এ ছাড়া মামলার পাঁচ আসামি এবং তিন তদবিরকারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ জানান, একই আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি আলাদা জামিন আবেদন করা হয়েছিল। তথ্য গোপন করে একজনের জামিনও হয়েছিল। বিষয়টি আদালতের নজরে আসলে স্বপ্রণোদিত হয়ে এই ব্যবস্থা নেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসামিদের পক্ষে অন্য কোনো আবেদন না করার আদেশও দেয়া হয়েছে।
দেশের সর্বোচ্চ আদালতে এমন জালিয়াতির ঘটনায় নিজেদের হতাশার কথা জানিয়ে হাইকোর্ট বলেন, এসব বিষয়ে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।