ব্যাংকিং খাতে অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিডিপির প্রতিবেদনে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদের মন্তব্য অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত দেশের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।
তিনি বলেন, যেভাবে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে তা খুবই হতাশাজনক। আর্থিক কেলেঙ্কারির প্রকৃত বিষয়বস্তুর পরিবর্তে কে এবং কারা বিষয়টি উত্থাপন করেছে তার উপর বেশি মনোযোগ দেয়া হয়েছে বলে মনে হচ্ছে।
২৪শে ডিসেম্বর প্রকাশিত সিপিডি মূল্যায়ন প্রতিবেদনে বলেছে, ২০০৮-০৯ অর্থবছর থেকে এ পর্যন্ত বড় ২৪টি বড় কেলেঙ্কারির মাধ্যমে ব্যাংকিং খাত থেকে যে টাকা হাতিয়ে নেয়া হয়েছে, তার পরিমাণ ৯২ হাজার ২৬১ কোটি টাকা।
সিপিডির প্রতিবেদনের বিষয়ে কথা বলতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বলেছেন, দেশের ব্যাংকিং খাতে অনিয়ম নিয়ে যে অভিযোগ উঠেছে তা সিপিডিকেই জানাতে হবে। ওদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, প্রতিবেদন তৈরিতে সিপিডি প্রকৃত গবেষণা করেনি। নির্জলা মিথ্যা।
মন্ত্রীদের বক্তব্যের প্রসঙ্গ টেনে মোস্তাফিজুর রহমান বলেন, যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন সেটাকে সরকারের বিরুদ্ধে প্রচারণা না ভেবে সমস্যা হিসেবে বিবেচনা করা উচিত। সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। তিনি অস্বীকারের সংস্কৃতি দূর করে এবং সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধানের জন্য সক্রিয় উদ্যোগের পক্ষে কথা বলেন। সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সিপিডি এই প্রতিবেদন তৈরি করেছে বলেও উল্লেখ করেন মুস্তাফিজুর রহমান। (আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত) সংবাদপত্রের প্রতিবেদনের বিরুদ্ধে কোন আপত্তি উত্থাপিত হয়নি, তিনি যোগ করেছেন।
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক খাতে অব্যবস্থাপনা অনিয়ম চলছে, খেলাপি ঋণ বাড়ছে, কিছু ব্যাংক বিপর্যয়ের মধ্যেও পড়েছে। এখন আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত বা মার্জার করার বিষয় আগেই অনেকবার বলা হয়েছে। এজন্য আইনি দুর্বলতা ও নিয়মনীতিগুলো ঠিক করতে হবে। কারণ ব্যাংক খাত হচ্ছে অর্থনীতির প্রাণ। এ খাতের সমস্যা পুরো অর্থনীতির উপরে পড়ে।
ব্যাংকিং সেক্টরের এ অবস্থা একটি ‘দুষ্টুচক্র’ সৃষ্টি করছে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এ খাতের অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার সবকিছুই এক জায়গায় নিয়ে এসেছে। এটা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এখানে হস্তক্ষেপ করা যাবে না। আগামীতে এ খাতের শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিতে হবে।
যুক্তরাষ্ট্রের স্যাংশনের বিষয় সিপিডি ফেলো তিনি বলেন, আমেরিকা তাদের নিজেদের সুবিধার জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা (স্যাংশন) দেয়। আবার প্রয়োজনে ভেনিজুয়েলার মতো দেশের সঙ্গে চুক্তি করে। তাই তারা স্যাংশন দিবে কি দিবে না সে দিকে নজর না দিয়ে যেন স্যাংশন দেয়ার সুযোগ না পায় এ বিষয়ে জোর দিতে হবে। আমাদের শ্রমিকদের মজুরি ও অধিকার নিশ্চিত করতে হবে।
সরকার নানা সুযোগ-সুবিধা দিয়ে তৈরি পোশাক শিল্পকে এ পর্যায়ে এনেছে। পোশাকের বিশ্বের বাজার ৭০০ বিলিয়ন ডলার। আমাদের রপ্তানির সম্ভাবনা রয়েছে। এত বড় খাত অন্য একটাও নেই। রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, নতুন বাজারে যেতে হবে। তবে এ খাত বাদ দিয়ে নয়। কারণ এখনও এ বাজারের অনেক বড় অংশ দখল করার সুযোগ রয়েছে। এজন্য আমাদের আরও আধুনিকায়ন করতে হবে। এছাড়া আমাদের চামড়া খাত ও ফার্মাসিউটিক্যালের রপ্তানি জোর দিতে হবে। বিশ্বে ফার্মাসিউটিক্যালে অনেক বড় বাজার আছে বলেও জানান সিপিডির এই বিশেষ ফেলো।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিপিডির বিশেষ ফেলে মোস্তাফিজুর রহমান বলেন, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জন করা একটি দেশের ভাগ্য বিদেশিরা নির্ধারণ হবে, এটা কারোই কাম্য নয়। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। আমাদের কাছে বিভিন্ন দেশে স্বার্থ থাকতে পারে। আমরা সেটা ততটুকু গুরুত্ব দেবো, যতটুকু আমাদের প্রয়োজন।
আমরা তো ভারসাম্য রেখে চলেছি। যুক্তরাষ্ট্র আমাদের বড় বিনিয়োগকারী, বাংলাদেশে চীন বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করছে; ভারত আমাদের ঐতিহাসিক বন্ধু দেশ; রাশিয়া বাংলাদেশে পারমানবিক স্টেশন করছে। আমরা তো ভারসাম্যের মধ্যে আছি। আগমীতেও আমাদের নিজেদের কথা চিন্তা করে চলতে হবে। বিভিন্ন চাপ থাকবে, জনগণকে সাথে নিয়ে সরকার সামনের দিকে এগিয়ে যাবে বলে জানান এই অর্থনীতিবিদ।
২০২৪ সালে দেশে দুর্ভীক্ষ হতে পারে, প্রধানমন্ত্রীর এমন আশঙ্কা সম্পর্কে মন্তব্য চাইলে তিনি বলেন, তার কাছে তথ্য থাকতে পারে। কিন্তু আমরা যেটা দেখি, আমাদের কাছে যে তথ্য রয়েছে। আমাদের যে ফসল ফলেছে, যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে, আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য আমদানি করা যাচ্ছে। সেদিক থেকে খাদ্য দুর্ভীক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
খাদ্যের অভাবে দুর্ভীক্ষ হয় না, দুর্ভীক্ষ হয় বণ্টন সমস্যার কারণে। নোবেল বিজয়ী অর্থনীতি বিদ ড. অমর্ত সেনকে উদ্ধৃত করে তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের বড় একটি অংশের ক্রয় ক্ষমতা কমে গেছে। উৎপাদন যদি ভালো থাকে, ক্রয় ক্ষমতা যদি সমস্যা হয় তাহলে খাদ্যাভাব দেখে দিতে পারে। তিনি বলেন, রাজনীতিকদের হলফনামা থেকে আমরা বিস্মিত হয়েছি, চমৎকৃত হয়েছি। কিভাবে এত কম সময়ে এত বেশি সম্পদ অর্জন করেছে, এটা অস্বাভাবিক। রাজনীতিকদের উপর বিশ্বাস ফেরাতে হলফনামার উল্লেখিত সম্পদ ক্ষতিয়ে দেখতে হবে বলে মনে করেন মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সরকার দলীয় এমপি যাদের সম্পদ বেড়েছে সরকার ও পার্টির উদ্যোগে এগুলো বিশ্লেষণ করা দরকার। কিভাবে সম্পদ বৃদ্ধি হলো তাদের কাছে জানতে চাওয়া দরকার। মানুষ যাতে বিষয়টি নিয়ে পরিস্কার হয়।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, এক কোটি টাকার জমির দাম দেখানো হয়েছে এক লাখ। এটা দেখে আমরা আশ্চর্য হয়েছি। দেশের দুর্নীতি দমন কমিশন আছে, আর্থিক গোয়েন্দা সংস্থা আছে- এটা নিয়ে তাদের কাজ করা দরকার। দেখতে হবে এই সম্পদ বৃদ্ধি যৌক্তিকভাবে হয়েছে, নাকি অযৌক্তিকভাবে হয়েছে। এটার সমাধান করতে হবে।