ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত চলাকালে তাকে সকল অ্যাকাডেমিক ও পরীক্ষাসংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য সমকালকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের এক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। গত ১ ডিসেম্বর সিন্ডিকেট সভায় এ বিষয়ে যাচাই-বাছাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কমিটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে প্রতিবেদন পাঠিয়েছে। সেলের সুপারিশে তাঁকে অ্যাকাডেমিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে সেলকে বলা হয়েছে।
গত ১১ নভেম্বর ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। গত ২৯ নভেম্বর অভিযুক্ত শিক্ষকের কক্ষে তালা ও শাস্তি দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।