মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন




বিদেশে ক্রেডিট কার্ডে লেনদেন বাড়লো বাংলাদেশিদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ৫:০৫ pm
visa logo VISA ATM ভিসা ডেবিট কার্ড এটিএম কেনাকাটা বিল পরিশোধ টাকা বুথ VISA ATM payment cardholder merchant Endrosment EMI Debit debt প্লাস্টিক ক্রেডিট ডেবিট ডিজিটাল প্রিপেইড কার্ড অনলাইন কেনা-বেচা কেনাকাটা ইএমআই খরচ ভিসা automated teller atm machine Booth অটোমেটেড টেলার মেশিন এটিএম মেশিন বুথ
file pic

চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন বেড়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। মার্চে লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৫০ লাখ টাকা। এপ্রিল মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৫০৭ কোটি টাকা।

ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে ৫০ শতাংশই খরচ হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাতে।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে।

চলতি বছরের এপ্রিলে প্রতিবেশী দেশ ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৯ দশমিক ৩১ শতাংশ। মার্চে ভারতে খরচের এই অঙ্ক ছিল ১০৬ কোটি টাকা।

একইভাবে এপ্রিলে যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশিরা ৬৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছে, যা মোট খরচের ১৩ দশমিক ১২ শতাংশ। থাইল্যান্ড গিয়ে ৪৬ কোটি ৬০ লাখ টাকা এবং আরব আমিরাতে খরচ করেছে ৪০ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় প্রায় ২৫ কোটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের কার্ব মার্কেট থেকে নগদ ডলার কিনতে গেলে ১২২ থেকে ১২৩ টাকার মতো খরচ করতে হয়। সেখানে বেশিরভাগ ব্যাংক থেকেই ১১৮-১১৯ টাকায় ডলার কিনে কার্ডের মাধ্যমে খরচ করা যায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD