মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন




চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২৫ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

শান্তিচুক্তি না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ‘খুবই কম’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে চুক্তি নাহলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে ফের ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। আর দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এরইমধ্যে সোমবার (২০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি ২২ এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হবে কি না— জবাবে ট্রাম্প বলেন, ‘এমন সম্ভাবনা খুবই কম’।

সেক্ষেত্রে মার্কিন বাহিনী ইরানে ফের অভিযান শুরু করতে পারে কি-না— ব্লুমবার্গের এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তিস্বাক্ষর না হয়— সেক্ষেত্রে অবশ্যই অভিযান শুরু হবে; বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে।’

তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি ইরানের সঙ্গে কোনো বাজে চুক্তি করার ব্যস্ত হয়ে উঠিনি। আমরা একটি ভালো চুক্তি চাই এবং এজন্য যত সময় লাগে— লাগুক। আমাদের হাতে প্রচুর সময় আছে।’

তথ্যসূত্র : সিএনএন




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD