বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন




ব্যাংক কোম্পানি আইনের খসড়া উন্মুক্ত করুন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ১০:১৭ am
transparency international bangladesh tib ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি
file pic

প্রস্তুতকৃত ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩-এর খসড়া জনসমক্ষে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে। সেখানে বলা হয়, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খসড়া সংশোধন আইনটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। কিন্তু তা উন্মুক্ত না করায় খসড়াতে ব্যাংক খাতের আলোচিত চ্যালেঞ্জগুলো উত্তরণের কার্যকর উপায়সহ জনগণের স্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠা অমূলক নয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, প্রায় এক মাস আগেই আইনটির খসড়া মন্ত্রিপরিষদ কমিটিতে যখন অনুমোদিত হয় তখন আমাদের প্রত্যাশা ছিল, সরকারেরই অনুসৃত চর্চা অনুযায়ী খসড়াটি সংশ্লিষ্ট অংশীজনের মতামত ও পরামর্শের জন্য প্রকাশিত হবে। কিন্তু আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এমনকি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, আইএমএফের সফররত মিশন খসড়াটি দেখতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গোপনীয়তা সুরক্ষার যুক্তিতে অপারগতা প্রকাশ করেছে। যা আমাদের হতবাক করেছে। প্রত্যক্ষভাবে জনস্বার্থসংশ্লিষ্ট এ আইনকে কোন যুক্তিতে গোপনীয় শ্রেণিভুক্ত করা সম্ভব তা বোধগম্য নয়। তেমনি এর ফলে এ সংশোধনের মাধ্যমে জনস্বার্থের তুলনায় কোনো বিশেষ মহলের দুরভিসন্ধির সুরক্ষাকেই আবারও প্রাধান্য দেওয়া হয়েছে কিনা, এ প্রশ্নের অবকাশ সৃষ্টি হয়েছে। গোপনীয় নয় এমন একটি আইনের খসড়া প্রকাশে অনীহা ধোঁয়াশা সৃষ্টি করছে। বিশেষ করে এ কারণে যে ব্যাংক খাতের নীতিকাঠামো ইতোমধ্যে ঋণখেলাপি, বিভিন্ন প্রকার জালিয়াতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের করায়ত্ত হয়েছে বলে জনমনে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। সরকারের প্রতি আমাদের আহ্বান, খসড়াটি অনতিবিলম্বে অতি জরুরি বিবেচনায় জনস্বার্থে প্রকাশ করুন এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণ করার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করুন।

ব্যাংক খাতে সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ে টিআইবি গবেষণাপ্রসূত সুপারিশের সঙ্গে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের লক্ষ্যে গৃহীত এ উদ্যোগকে স্বাগত জানায়। পাশাপাশি টিআইবি আশা করছে, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতে অংশীজন, বিশেষ করে এ খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের মতামতের ভিত্তিতে খসড়াটি চূড়ান্ত করা হবে। তা না হলে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে মনে করছে টিআইবি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD