মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন




সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায়: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ৭:৪৮ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায় জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। আমরা চাই বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে।’

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনও অর্জন করা সম্ভব হতো না।’

তিনি বলেন, ‘আমাদের এই গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা একদিনে আসেনি।’

বারবারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সেই ২০০৯-এ সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটা মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজকে পার্লামেন্ট ভবন না, সারা দেশটাই কিন্তু বদলে গেছে।’

আওয়ামী লীগ সরকারের সময় সংসদের বিভিন্ন উন্নয়ন কাজ প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘একটানা আমরা সরকারে থাকার ফলে, একটা দীর্ঘ সময় পেয়ে পার্লামেন্টটাকে সুন্দর করে গোছানো গেছে, সাজানো গেছে।’

ভবন উদ্বোধনের পর অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)
জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার নিচতলা সংস্কার করে জাতীয় সংসদ সচিবালয়ের নতুন কার্যালয় তৈরি করা হয়েছে। অনুষ্ঠানস্থলে পৌঁছে ফিতা কেটে নতুন এই কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি অফিসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যরা।

সংসদের নতুন অফিস বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। সংসদের এই অফিসটা স্মার্ট অফিস হিসেবে তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘কাজ করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। সুন্দর পরিবেশে সবাই কাজ করলে কাজের গতিও বাড়ে, কাজের উৎকর্ষ সাধন হয়। ভালো পরিবেশে ভালো চিন্তা হয়।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD