রাজধানীতে সমাবেশ করতে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে একই শর্ত মানতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২৭ জুলাই সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দলকেই এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
অনুমতি দেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশ নিবে বলে জানিয়েছেন তিনি। অনুমতি দেওয়া হলে দুই দলের ক্ষেত্রেই একই শর্ত প্রযোজ্য হবে।
রাজনৈতিক কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা নেই মন্তব্য করে মন্ত্রী বলেছেন, সমাবেশে কোনো সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
এদিকে, গত ২২ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিএনপির তারুণ্য সমাবেশ থেকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি।
এ পরিস্থিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি এক দিন পেছানোর সিদ্ধান্ত হয়।
পুলিশ এর আগে বিএনপিকে বিকল্প ভেন্যু হিসেবে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে বলে, কিন্তু তারা এতে রাজি হয়নি।
এদিকে একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে চায় আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।