মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন




রংপুর মহাসমাবেশে আবারও দেশ সেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৬:৩২ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

রংপুরের মহাসমাবেশে আগামী নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগকে আবারও দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়, কৃষকের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই।

বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। রংপুরের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি। নৌকা মার্কা ক্ষমতায় এলেই কাজ হয়। নৌকা ছাড়া হয় না। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হচ্ছে। আজকে হতদরিদ্র বলতে তেমন কেউ নেই, মাত্র পাঁচ শতাংশ। আল্লাহর রহমতে সেটুকুও থাকবে না। কোনো মানুষ হতদরিদ্র থাকবে না।

বিদেশ থেকে পুরাতন কাপড় আনতে বা পরতে হয় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের কাপড় কেনার আর্থিক সচ্ছলতা এসে গেছে। আগে এক বেলা ভাত পেত না, এখন দুই বেলা, তিন বেলা খাবারের সুযোগ হয়ে গেছে। সেই ব্যবস্থা আমরা করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেহনতি মানুষ, প্রত্যেক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। যার সুফল আপনারা পাচ্ছেন, দেশের মানুষ পাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আমার আপনজন, আমার সংসার। আপনাদের মাঝে খুঁজে পাই আমার বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ। আপনাদের জন্য যদি প্রয়োজন হয় বাবার মতো জীবন দিতেও প্রস্তুত আছি। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জীবন দিতে প্রস্তুত আমি।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম শাহাদাত হোসেন।

এ দেশের মানুষও একদিন চাঁদে যাবে, প্লেন বানাবে: প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একদিন বাংলাদেশের মানুষ চাঁদে যাবে, তারা প্লেন বানাবে।’ শেখ হাসিনা বলেন, ‘লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ার স্পেস বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। সেখানে গবেষণা হবে। ফলে এ দেশের মানুষ একদিন চাঁদেও যেতে পারবে, প্লেন বানাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে যখনই এসেছে এই রংপুরে কখনো মঙ্গা হয় নাই। রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।’

তিনি বলেন, ‘যখন ৯৬ সালে ক্ষমতায় এসেছিলাম, তখনো মঙ্গা ছিল না কিন্তু ২০০১ সালে যখন ওই খালেদা জিয়া ক্ষমতায় আসে, ২ হাতে টাকা-পয়সা লুট করে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আবার দেশে মঙ্গা শুরু হয়।’

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এরপর ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

মহাসমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১টা ১৩ মিনিটে রংপুরে পৌঁছান। তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর সেনানিবাস হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে সার্কিট হাউসে যান তিনি। সেখানে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জনসমাবেশে যোগ দেন শেখ হাসিনা।

এর আগে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মাধ্যমে দুপুরে মহাসমাবেশ শুরু হয়। প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD