জার্মান আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস ও জাতীয় ৪ নেতা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় বার্লিনের একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রুবেল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নুরজাহান খান নুরি, মাসুদুর রহমান মাসুদ, সূর্য কান্ত ঘোষ, রানা ভূঁইয়া, কাজী আকরাম, শেখ শাহআলম, শেখ রেদোয়ান, লিখন খান, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, শাহারিয়ার নিপু আরিফ, বিল্লাল হোসেন, নিরঞ্জন সূত্রধর, পলাশ হাওলাদার জার্মান স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আওয়াল খান সহ আরও অনেকেই।
বক্তারা জাতির পিতা ও জাতীয় ৪ নেতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তাদের অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান।