বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং এসএসএল কমার্সের মধ্যে বিমানের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। এ চুক্তির মাধ্যমে এখন থেকে বাংলাদেশের সব এমএফএস, ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেটিভ কার্ড এবং অনলাইন ব্যাংকিং চ্যানেলসহ মোট ৩২টি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে কাস্টমারদের কাছে সরাসরি অনলাইনে টিকিট বিক্রি করতে পারবে।
সোমবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসএল কমার্স বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত শীর্ষ পিএসও প্রতিষ্ঠান। তারা তাদের কাস্টমারদের হয়ে বিভিন্ন ভোক্তা শ্রেণি থেকে ভিন্ন ভিন্ন ফাইন্যান্সিয়াল চ্যানেল হয়ে অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ একীভূত করে কাস্টমারদের নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা করে থাকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এসএসএল কমার্সের মাধ্যমে বাংলাদেশের সব এমএফএস, ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেটিভ কার্ড এবং অনলাইন ব্যাংকিং চ্যানেলসহ মোট ৩২টি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে কাস্টমারদের সঙ্গে সরাসরি অনলাইনে টিকিট বিক্রি করতে পারবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় আরও সহজ করার ক্ষেত্রে এই চুক্তি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।