মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন




তিন মাসে গ্রামীণফোনের মুনাফা ১৩৩৮ কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ৯:০২ pm
mobile tower Cell site cellular tower antenna network মোবাইল টাওয়ার রেডিয়েশন বিকিরণ নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন জিপি Grameenphone GP
file pic

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের রেভিনিউতে যতটা না প্রবৃদ্ধি হয়েছে, তার চেয়ে বহুগুণ প্রবৃদ্ধি হয়েছে নিট মুনাফায়। চলতি ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রামীণফোনের রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। বিপরীতে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৭২ শতাংশ। মূলত করপোরেট কর প্রদানের পরিমাণ কমে যাওয়ায় নিট মুনাফায় উল্লম্ফন হয়েছে কোম্পানিটির। গতকাল বৃহস্পতিবার গ্রামীণফোন চলতি বছরের প্রথম তিন মাসের আর্থিক বিবরণী প্রকাশ করেছে। বিবরণীর পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

গ্রামীণফোনের অনিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন লিমিটেড ৩ হাজার ৯৩২ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব আয় করেছে, যা বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৭৩৪ কোটি ৭৯ লাখ টাকা। এ সময়ে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। পরিচালন ব্যয় শেষে চলতি প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের পরিচালন আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৮০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেশি। চলতি প্রথম প্রান্তিকে কোম্পানিটির সুদবাবদ ব্যয়ও কিছুটা কমেছে।

তবে নিট মুনাফা বাড়াতে প্রধান ভূমিকা রেখেছে কোম্পানিটির কর পরিশোধের পরিমাণ কমে যাওয়া। চলতি প্রথম প্রান্তিকে গ্রামীণফোন করপোরেট কর পরিশোধ করেছে ১৩১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৮ শতাংশ কম। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন ৫৯৯ কোটি টাকার কর দিয়েছিল। চলতি প্রথম প্রান্তিকে কর পরিশোধের পর গ্রামীণফোনের নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭১ দশমিক ৭৫ শতাংশ কম।

গ্রামীণফোন জানিয়েছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে নতুন করে ১০ লাখ গ্রাহক পেয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানিটি। এ নিয়ে গ্রামীণফোনের মোট গ্রাহক দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ। এর মধ্যে ৪ কোটি ৬৩ লাখের বেশি গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন, যা মোট গ্রাহকের ৫৫ দশমিক ৮ শতাংশ।

গ্রামীণফোন জানিয়েছে, মূলত ফোরজি নেটওয়ার্ক স্থাপন ও ফাইবার সংযোগ সম্প্রসারণের পাশাপাশি ২৬০০ মেগাহার্জ স্পেকট্রাম সম্প্রসারণে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন (লাইসেন্স, ইজারা ও এআরও ছাড়া) ৭১৭ কোটি টাকার মূলধনী বিনিয়োগ করেছে। নতুন কভারেজ সাইটসহ গত তিন মাসে ৫০০-এর বেশি নতুন ফোরজি সাইট চালু করেছে গ্রামীণফোন।

২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট ফোরজি সাইটের সংখ্যা ২১ হাজার ৭০০-এর বেশি, যার মাধ্যমে ৯৭ দশমিক ৯ শতাংশ গ্রাহক ফোরজি সেবার আওতায় এসেছেন।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের কর্মকৌশলে অটুট থেকে বিনিয়োগ অব্যাহত রেখেছি। এ ছাড়া অংশীদারত্বগুলোকে দৃঢ় করার পাশাপাশি আমাদের কার্যক্রমকে আরও সুসংহত করেছি। তিনি বলেন, টেলকো থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা উচিত। এরই ধারাবাহিকতায় আমরা নিরলসভাবে ডিজিটাল সম্পদ তৈরি ও ডিজিটাল প্লেয়ারদের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে কাজ করছি। আমরা কৌশলগতভাবে এমন সব প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করছি, যারা আমাদের মূল্যবোধ এবং পরিবেশ, সমাজ ও সুশাসন উদ্যোগগুলোকে সক্রিয়ভাবে সমর্থন করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD