রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেয়ার তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে পণ্য রপ্তানি ২ শতাংশ বেড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সময়ে পণ্য রপ্তানি কমেছে ৪ দশমিক ২৮ শতাংশ। বৃহস্পতিবার (১১ জুলাই) পণ্য রপ্তানির এই সংশোধিত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক।
এতে দেখা যায়, বিদায়ী অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে ৪ হাজার ৭৩ কোটি ডলারের প্রকৃত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২৮ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে রপ্তানি হয়েছিল ৪ হাজার ২৫৫ কোটি ডলারের পণ্য।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, শুধু গত মে মাসে ৪০৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের মে মাসের তুলনায় ৭ দশমিক ৩৯ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ৩৮১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।
এর অগে ইপিবি বলেছিল, বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রপ্তানি হয়েছিল ৫ হাজার ১৫৪ কোটি ডলারের পণ্য। এই রপ্তানি তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে ৫ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এ ছাড়া শুধু মে মাসে ৪০৭ কোটি ডলারের পণ্য রপ্তানি তথ্য দেয় সংস্থাটি। এই রপ্তানি ২০২৩ বছরের মে মাসের তুলনায় ১৬ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংক বলে, ইপিবির রপ্তানি হিসাব ধরে দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা থেকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাই এখন থেকে প্রকৃত তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আর ইপিবি একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে।