জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে বাংলাদেশ সরকারের অনেক বড় আর্থিক ঝুঁকি সৃষ্টি হতে পারে। সরকারের বাজেটের ওপর চাপ সৃষ্টি করতে পারে– আর্থিক ব্যবস্থাপনায় সম্ভাব্য অভিঘাত মোকাবিলায় প্রথমবারের মতো বাজেট দলিলে ‘আর্থিক ঝুঁকি বিবৃতি’ নামে অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনায় এমন মত রয়েছে। বিবৃতিতে সামষ্টিক অর্থনীতি, মুদ্রা বিনিময় হার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট দলিল মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সরকারের আর্থিক ব্যবস্থাপনায় সম্ভাব্য অভিঘাত মোকাবিলায় ‘ঝুঁকি বিশ্লেষণ’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কারিগরি সহযোগিতায় এ বিবৃতি তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়।
এতে বলা হয়, জলবায়ু প্রভাবজনিত দীর্ঘমেয়াদি ঝুঁকির পাশাপাশি ঘন ঘন দুর্যোগের ফলে সরকারের অনেক বড় আর্থিক ঝুঁকি সৃষ্টি হতে পারে– যা রাজস্ব ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করে বাজেটের পুনর্বরাদ্দ, জরুরি ঋণ গ্রহণ, অবকাঠামো পুনর্গঠন ও ত্রাণ প্রচেষ্টার জন্য বাহ্যিক সহায়তার ওপর নির্ভরতা বাড়িয়ে দিতে পারে।
বিবৃতিতে চার ধরনের ঝুঁকি সম্পর্কে বলা হয়েছে। প্রথমত, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি– যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা বিনিময়, সুদের হার, সরকারি ব্যয়, বাজেট ঘাটতি ও সরকারি ঋণ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক ঝুঁকি– যেখানে আর্থিক প্রাক্কলন (সম্ভাব্য ব্যয়ের হিসাব) ও পূর্বাভাসের বিচ্যুতি নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয়ত, প্রচ্ছন্ন ও পুঞ্জীভূত দায়– যেখানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দায় ও রাষ্ট্রীয় গ্যারান্টি নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থত, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি– যেখানে আলোচনা করা হয়েছে দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকি ও স্বল্পমেয়াদি প্রাকৃতিক ঝুঁকি নিয়ে।
বিশ্লেষণে বলা হয়, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২১ অনুযায়ী, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে। জলবায়ুজনিত তীব্র প্রভাবের কারণে গত ৪০ বছরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১২ বিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দুর্যোগের কারণে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে গড় বার্ষিক জিডিপির ক্ষতির পরিমাণ ১ দশমিক ৩২ শতাংশ।
এ পরিস্থিতিতে বাংলাদেশের টেকসই উন্নয়নে জলবায়ুজনিত প্রভাব মোকাবিলায় বাড়তি সক্ষমতা এবং অভিযোজন কৌশল প্রবর্তন করা অত্যাবশ্যক বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। তাই জলবায়ু ও দুর্যোগের কারণে সৃষ্ট অভিঘাতের ঝুঁকি প্রশমনে সরকার বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। কিছু দুর্যোগপ্রবণ খাতের জন্য বীমা পলিসি গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনাধীন। সার্বিকভাবে সরকার একটি দুর্যোগ ঝুঁকি প্রশমন অর্থায়নের কৌশল প্রণয়ন করছে, যাতে জলবায়ু অভিযোজন ও প্রশমন কর্মসূচি বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ অর্থায়নের মাধ্যমগুলোকে প্রাধান্য দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মুদ্রার অবমূল্যায়নের ফলে সরকারের আয়-ব্যয়ে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখা যায় না। তবে এর প্রভাবে মধ্যমেয়াদে সরকারের ঋণের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায়। বেশির ভাগ ক্ষেত্রেই বাজেট প্রাক্কলনের তুলনায় প্রকৃত আয়-ব্যয় বিচ্যুতির প্রবণতা রয়েছে। এ ধরনের বিচ্যুতি কমিয়ে আনার মাধ্যমে একটি দক্ষ বাজেট বরাদ্দ ব্যবস্থাপনা নিশ্চিত করা যেতে পারে।
‘আর্থিক ঝুঁকি বিবৃতি’-তে বিশ্লেষণের আলোকে ঝুঁকি প্রশমন নীতি-কৌশল প্রস্তাব করা হয়েছে। সুদের কারণে সরকারি ঋণের সুদ ব্যয় বাড়লে তা পরিশোধের লক্ষ্যে আর্থিক পরিকল্পনায় বাজেট বরাদ্দের যথাযথ সমন্বয়, বাজেট বরাদ্দে দক্ষতা আনয়ন এবং বাজেটের বড় রকমের সংশোধন কমাতে একটি উপযুক্ত বাজেট পূর্বাভাস পদ্ধতি গ্রহণসহ বিভিন্ন প্রস্তাব করা হয়েছে।
সরকারের প্রচ্ছন্ন ও পুঞ্জীভূত দায়ের ঝুঁকি প্রশমনে এবং একটি টেকসই রাষ্ট্রীয় গ্যারান্টি ব্যবস্থাপনার জন্য ‘সভরেন গ্যারান্টি গাইড লাইনস-২০১২’ হালনাগাদ করার প্রস্তাব করা হয়েছে নীতি-কৌশলে। এ ক্ষেত্রে ‘সভরেন গ্যারান্টি গাইড লাইনস’-এ কিছু বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়।