জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় জাতিসংঘ।
স্থানীয় সময় সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।
প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর প্রশ্নোত্তর দেন। বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালীন নির্যাতনের প্রশ্নে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা বাংলাদেশজুড়ে টেলিযোগাযোগ পুনরুদ্ধারের বিষয়ে অবগত। একই সঙ্গে জনসাধারণের ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পরিষেবাগুলো সম্পূর্ণ এবং নিরবচ্ছিন্ন ব্যবহারের সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।