সরকার পরিবর্তনের পর দ্রুত হাওয়া বদলাচ্ছে ২০১৭ সালে দখল হওয়া বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশে। গত দু’দিনে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের ৮৪৮ কোটি টাকার বেনামি ঋণের চেক ফেরত দিয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়।
এর মধ্যে বুধবার ফেরত দেওয়া হয় ৫৪৮ কোটি টাকার চেক। আগের দিন দেওয়া হয় আরও ৩০০ কোটি টাকার চেক। ইসলামী ব্যাংকে ঋণের বিপরীতে এসব অর্থ তুলে নেওয়ার চেষ্টা হয়। এ ছাড়া ব্যাংকটিতে ২০১৭ সালের পরে নিয়োগ পাওয়া ও দ্রুততার সঙ্গে পদোন্নতি দেওয়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে তুলে নিয়ে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ব্যাংকের মালিকানা বদল করা হয়। সেই বদলে গভীর রাত পর্যন্ত কর্মকর্তাদের বসিয়ে রেখে অনুমোদন দেন ওই সময়ের গভর্নর ফজলে কবির ও ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
এদিকে, কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী পদত্যাগে বাধ্য হন। তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার হাতে তিনি পদত্যাগপত্র দিয়ে দ্রুত প্রধান কার্যালয় ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে দালাল, ভুয়া ইত্যাদি আখ্যা দিয়ে অনেকে স্লোগান দিয়ে মারমুখী অবস্থান নেন। তিনি যেন আর কখনও ব্যাংকে না আসেন সে হুঁশিয়ারি দেওয়া হয়। দুপুরের পর কর্মকর্তাদের অনেকেই ব্যাংকের সামনে রাস্তায় নেমে আসেন বলে জানান সংশ্লিষ্টরা।
বিক্ষোভ থেকে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, অবিলম্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ঢেলে সাজাতে হবে। কায়সার আলীর পাশাপাশি এস আলম গ্রুপের ঋণ অনিয়মে সহায়তাকারী কর্মকর্তাদের দ্রুত চাকরিচ্যুত ও বিচারের আওতায় আনতে হবে। এই তালিকায় আছেন– সাইফুল আলম মাসুদের সাবেক ব্যক্তিগত সহকারী ও ব্যাংকের ডিএমডি মো. আকিজ উদ্দিন, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও এএমডি জে কিউ এম হাবিবুল্লাহ, ডিএমডি মিফতাহ উদ্দিন, মোহাম্মদ সাব্বির ও কাজী রেজাউল করিম, দুই এসইভিপি মো. মাকসুদুর রহমান ও আহমেদ জোবায়েরুল হক। গত মঙ্গলবারই এসব কর্মকর্তার রুমের সামনে থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়।
ইসলামী ব্যাংকের কর্মকর্তারা দাবি জানান, নিয়মবহির্ভুতভাবে ২০১৭ সালের পর থেকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে। এদের আর ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া নিয়ম লঙ্ঘন করে এই সময়ে দ্রুততার সঙ্গে পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাকে অপসারণ, জোরপূর্বক যাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে তাদের পুনর্বহাল ও বঞ্চিতদের পদোন্নতির দাবি জানানো হয়। অনিয়মে জড়িতদের কেউ যেন দেশ ছাড়তে না পারেন সে দাবি করা হয়। তারা বলেন, এক সময় দেশের সেরা ব্যাংকটিকে নানা অনিয়মের মাধ্যমে ফোকলা করা হয়েছে। কারা কীভাবে ঋণ বের করে নিয়েছে তা ফেরত আনতে হবে।
জানা গেছে, ব্যাংকটির চলতি হিসাব ঋণাত্বক থাকায় তাদের চেক আরটিজিএস বা বিএসিএইসের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে না। এ রকম অবস্থায় রূপালী ব্যাংকের মাধ্যমে ৫৪৮ কোটি ৩৯ লাখ টাকার একটি চেক জমা হয়। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ঋণগ্রহীতা প্রতিষ্ঠান টপ টেন ট্রেডিং হাউস নামের একটি প্রতিষ্ঠানের নামে সম্প্রতি এ ঋণ অনুমোদন করে ব্যাংক। এই হিসাব খোলা হয় ২০২৩ সালের ১৩ এপ্রিল। এই প্রতিষ্ঠানের মালিকানা দেখানো হয়েছে জনৈক মো. আলমাস আলীকে। সেখানে দেওয়া মোবাইল ফোনে টেলিফোন করে তা বন্ধ পাওয়া যায়। এর আগের দিন সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে আগ্রাবাদ শাখার গ্রাহক গোল্ডেন স্টার নামের একটি প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকার পাঁচটি চেক জমা হয়। প্রধান কার্যালয়ে আসার পর এই চেকও আটকে দেওয়া হয়।
ইসলামী ব্যাংকের একজন কর্মকতা বলেন, শাখাগুলো নির্ধারিত পরিমাণের চেক নগদায়ন করতে পারে। বেশি চেক নগদায়নের জন্য প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হয়। এসব চেক প্রধান কার্যালয়ে আসার পর ব্যাংক জানতে পারে, এর সুবিধাভোগী এস আলম গ্রুপ। এরপর তা আর ছাড় করা হয়নি। তিনি জানান, তারা সিদ্ধান্ত নিয়েছেন আপাতত এ রকম ঋণ আর ছাড় করা হবে না। সমকাল