দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ। একইদিন বিকেল ৩টায় রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা। দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ। ঢাকাসহ সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভায় দোয়া ও আলোচনা সভার আয়োজন।
১৭ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ, ১৮ জানুয়ারি ছাত্রদলের রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ছিন্নমূল শিশু-কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। আর এতিম শিশুদের মাঝে পবিত্র কুরআন ও খাদ্য বিতরণ করবেন জাতীয়তাবাদী ওলামা দল। ২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা।
এ ছাড়া ২১ জানুয়ারি জাতীয়তাবাদের শ্রমিক দল, ২২ জানুয়ারি মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ এবং ২৩ জানুয়ারি কৃষক দলের উদ্যোগে সেমিনারের আয়োজন। ২৪ জানুয়ারি যুবদল ও ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা। এ ছাড়া ১৯ জানুয়ারি রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ তাদের নিজস্ব উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।
যৌথসভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, কৃষক দলের হাসান জাফির তুহিন, যুবদলের মোনায়েম মুন্না, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।