বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন




হেফাজতে ইসলামের নেতৃত্বে সমমনা ইসলামী দল নামে জোট গঠন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৫:০৯ pm
Hefazat-e-Islam Hefazat Islam কওমি মাদ্রাসাভিত্তিক একটি সংগঠন হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশ
file pic

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠন করেছে ৭টি দল।হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান,‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জোটে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন নেতারা। এ জন্য নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামটি অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়। তবে এতে অংশ নেওয়া দলগুলো নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে।

এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে বলে নেতারা ঐকমত্যে পৌঁছেছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, ‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।

সাজিদুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।

বৈঠকে ৫ ডিসেম্বর নীতিমালা গ্রহণের কথা জানান দলগুলোর নেতারা। তবে কোনো ধরনের শর্ত বহাল চাপিয়ে দিলে জোট ছাড়বেন বলেও জানান বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা।

বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট দলগুলোর অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD