স্বাস্থ্যসেবার মান উন্নয়নে শিগগিরই নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি। প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আমরা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৫শ’ হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি। চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।
টিকার কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, দেশে টিকার কোনো সংকট নেই। আগামী ৬ মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারব। তারপরও মজুদের জন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া সারাদেশে প্রতিদিন আমরা টিকা দিয়ে যাচ্ছি। যেখানে আগে প্রতি ৪ বছর পরপর ক্যাম্পেইন করা হতো। যেটি ২০২০ সালের পর সরকার আর দেয়নি। কিন্তু আমরা সারাদেশে প্রতিদিন টিকাদান ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি।