বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি, সমাজে দুর্নীতি, অনিয়ম, অন্যায় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনের পূর্বে একটি দল বলে বেড়াতো নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ বর্তমানে সমস্যা দ্বিগুণ হারে বেড়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরী শাখার উদ্যোগে টঙ্গীস্থ শহিদ আব্দুল মালেক মিলয়াতনে ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালে জামায়াতে ইসলাম ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক ভিত্তিক বাংলাদেশ পাবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না। অথচ শিক্ষাঙ্গনে গত সরকারের মতো দলীয়করণ, লুটতরাজ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসাচ্ছেন।
রুকনদের উদ্দ্যশ্যে তিনি বলেন, সুরা কালাম বুকে ধারণ করে ইসলামী চেতনায় এগিয়ে যেতে হবে। নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের ও পরিবারকে নিয়ন্ত্রণ করতে হবে। সমাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ভাল আচরণ করতে হবে। শুধু তলোয়ার দিয়ে ইসলাম কায়েম হয়নি। রাসুলের আচরণে আকৃষ্ট হয়ে বিদায়ী হজে ১ লাখ ২০ হাজার অমুসলিম মুসলিম হয়েছেন। মৃত্যুর স্বাদ যখন তখন ভোগ করতে হবে, তাই উত্তম আমলের মধ্যে শেষটা হোক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপাধক্ষ আব্দুর রউফ, নির্বাহী সদস্য মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, উত্তরাঞ্চলের দায়িত্বশীল ডক্টর খলিলুর রহমান মাদানি, সাবেক জেলা আমির আবুল হাশেম খান, জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর জেলা মহিলা সেক্রেটারি আমেনা বেগম, নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন প্রমুখ।