মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন




ঢাকার ৬ রুটে চলবে এক কোম্পানির বাস, শেয়ার নিয়ে মতবিরোধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৪৮ pm
holidays holiday বাস Taxi pickup microbus truck যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road
file pic

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম। প্রাথমিকভাবে রাজধানীর ছয়টি রুটে চলবে একটি কোম্পানির বাস। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) বলছে, চলতি সপ্তাহেই এ কার্যক্রমের বাস্তবায়ন শুরু হবে। যদিও বাসমালিকদের মধ্যে শেয়ার বণ্টন নিয়ে মতবিরোধ রয়েছে।

সড়কে বাসের অসুস্থ প্রতিযোগিতা, একই রুটে বিভিন্ন কোম্পানির বাস চলাচল এবং অব্যবস্থাপনা। এসব যেন রাজধানীবাসীর নিত্যদিনের ভোগান্তি।

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘদিন ধরেই বাস রুট রেশনালাইজেশনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনা অনুযায়ী, একটি নির্দিষ্ট রুটে একটি কোম্পানির বাস চলাচল করবে। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সেই উদ্যোগ। প্রাথমিকভাবে রাজধানীর ছয়টি রুটে এ পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির, গাবতলী থেকে ডেমরা, দুয়ারীপাড়া থেকে সদরঘাট, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর এবং মিরপুর-১২ থেকে মাওয়া, এই ছয়টি রুটে চলাচলকারী বাসগুলো একটি নির্দিষ্ট কোম্পানির নামে পরিচালিত হবে। বাসগুলোর জন্য থাকবে আলাদা রং। এর মধ্যে অন্তত দুটি রুটে চলতি সপ্তাহেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ ছয়টি রুটের মধ্যে এক বা দুটি রুটের বাস পরিচালনার দায়িত্ব নিয়ে কার্যক্রম শুরু করা হবে। তবে একাধিক পরিবহন কোম্পানিকে একত্র করে একটি কোম্পানি গঠন এবং নতুন কোম্পানির নিবন্ধনসংক্রান্ত প্রক্রিয়ায় কিছু জটিলতা রয়েছে।

তবে এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো বাসমালিকদের মধ্যে শেয়ার বণ্টন। একই রুটে একাধিক অপারেটরের বাস চলাচল করায় মালিকদের বাসের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণে পার্থক্য রয়েছে। ফলে নতুন কোম্পানিতে কার কত অংশ থাকবে, তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জোবায়ের মাসুদ বলেন, সব বাসমালিকের বাসের সংখ্যা সমান নয়। কারও বাসের সংখ্যা বেশি, আবার কারও কম। এ অবস্থায় বাসের সংখ্যা কম থাকা কোনো মালিক যদি বেশি বাসের মালিকের সমান অংশীদারত্ব দাবি করেন, তাহলে তা বাস্তবসম্মত হবে না। নতুন কোম্পানিতে শেয়ার বণ্টনের পদ্ধতি কী হবে, তা মালিক সমিতি নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বাসমালিকদের একত্র করার পর নির্দিষ্ট রুটে চলাচলকারী বাসের সংখ্যা অনুযায়ী কোম্পানিগুলোর শেয়ারের শতাংশ বণ্টন করা যায় কি না, সে বিষয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে। অর্থাৎ, যে কোম্পানির বাসের সংখ্যা যে রুটে বেশি, নতুন কোম্পানিতে তাদের অংশীদারত্বও সেই অনুপাতে নির্ধারণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান আরও বলেন, কোনো মালিককে নির্দিষ্ট রুটে বাস পরিচালনার দায়িত্ব দেয়া হলে তিনি সেই রুটে বাস চালাতে চাইবেন কি না, তা নিয়ে শুরুতে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। একইভাবে, একজনকে একটি রুটে দায়িত্ব দেয়া হলে অন্যজনকে ভিন্ন রুটে দায়িত্ব দেয়ার ক্ষেত্রেও আপত্তি তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তবে এ চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। আগামী দুই মাসের মধ্যে পুরো রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন পদ্ধতিতে বাস পরিচালনা করতে চায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।

চ্যানেল 24




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD